বিজনেস কন্টিনিউইটি প্ল্যান চালু করছে বেজা

ঢাকায় ইনসেপশন কর্মশালায় বিসিপি বিষয়ক কর্মকৌশল উপস্থাপন করা হয়

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে বিজনেস কন্টিনিউইটি প্ল্যান (বিসিপি) চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এবং নারায়ণগঞ্জে অবস্থিত মেঘনা শিল্প এলাকায় বিসিপি পাইলটিং করা হবে।

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা, দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, সাপ্লাই চেইন অব্যাহত রাখা এবং দুর্যোগ পরবর্তী দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে বিসিপি চালু করা হচ্ছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় বিজনেস কনিটিনিউটি প্ল্যান (বিসিপি) পাইলটিংয়ের জন্য বেজাকে সহযোগিতা প্রদান করছে।

বৃহস্পতিবার (৩ মার্চ ) ঢাকায় একটি হোটেলে এক ইনসেপশন কর্মশালায় বিসিপি বিষয়ক কর্মকৌশল উপস্থাপন করা হয়। বুয়েটের অধ্যাপক ড. বাকিব আহসান বিসিপি কর্মকৌশল উপস্থাপন করেন। তিনি বলেন, বিসিপি অনুশীলনের মাধ্যমে দুর্যোগ সহনীয় বিনিয়োগ ও টেকসই উন্নয়ন জোরদার করা সম্ভব হবে।

বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য নাসিমা বেগম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন এবং এনআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইরফান শরীফ বলেন, উন্নয়ন প্রকল্প প্রণয়নে দুর্যোগ ঝুঁকি বিবেচনার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব ও উত্তরণ কৌশল বিবেচনা করতে হবে। কর্মশালায় সরকারি ও বেসরকারি খাতের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

কর্মশালায় উল্লেখ করা হয়, ব্যাংকিং খাতসহ কয়েকটি সেক্টরে সীমিত পর্যায়ে বিজনেস কন্টিনিউইটি প্ল্যানের অনুশীলন থাকলেও বাংলাদেশে শিল্প খাতে এ ধরনের পরিকল্পনা এটাই প্রথম।

উল্লেখ্য, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ এশিয়ার কয়েকটি দেশে বিসিপির প্রচলন রয়েছে। কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here