অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করলে চ্যালেঞ্জ মোবাবেলা সহজ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ছবি: পিআইডি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে সারা বিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পুরো এশিয়া একসাথে কাজ করতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করলে যুদ্ধের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে।

রবিবার (৭ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এর ফলে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে বিশ্বের সব দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিস্থিতি থেকে উত্তরণে চীনসহ এশিয়ার সব অংশকে একসঙ্গে কাজ করতে হবে।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সমর্থন দেবে চীন। পাশাপাশি একটি কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ওয়াং ই। তিনি বলেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও চীন বাংলাদেশকে সাহায্য করবে।

ওয়াং ই প্রধানমন্ত্রীর কাছে তাইওয়ান ইস্যুতে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। শেখ হাসিনাও বাংলাদেশের ‘এক চীন নীতিতে’ বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে তার বন্ধুত্বকে মূল্যায়ন করে।

এছাড়া যেসব বাংলাদেশী শিক্ষার্থী কভিড-১৯ মহামারীর সময়ে চীন থেকে দেশে ফিরে এসেছে তাদের লেখাপড়ার জন্য ফিরে যাওয়ার বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যও ওয়াং ইকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here