সপ্তাহ দুয়েক আগে অগ্নিদুর্ঘটনার শিকার হওয়া গাড়ি পরিবহনকারী জাহাজ ফেলিসিটি এইস অবশেষে ডুবে গেছে। স্যালভেজ ক্রুরা জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া অবস্থায় মঙ্গলবার (১ মার্চ) সেটি ডুবে যায়।
জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে যাচ্ছিল ২০০ মিটার দীর্ঘ ফেলিসিটি এইস। ফক্সওয়াগন গ্রুপের জন্য প্রায় ৪ হাজার গাড়ি নিয়ে যাচ্ছিল জাহাজটি। জাহাজটির মালিক স্নোস্কেপ কার ক্যারিয়ারস। আর এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এমওএল শিপ ম্যানেজমেন্ট সিঙ্গাপুর।
অগ্নিদুর্ঘটনার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার কার্যক্রম নির্বিঘ্নেই চলছিল। গত শুক্রবারও এমওএল ও পর্তুগিজ কর্মকর্তারা আবহাওয়া স্থিতিশীল থাকার খবর জানান। তবে এরপর আবহাওয়া খারাপ হতে শুরু করে। জাহাজটি ডুবে যাওয়ার কারণ হিসেবে এই বিরূপ আবহাওয়ার কথাই উল্লেখ করা হয়েছে।
পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেসের অন্তর্গত ফাইয়াল দ্বীপের ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ভয়াবহ আগুন লাগে ফেলিসিটি এইসে। পর্তুগিজ নৌবাহিনীর প্যাট্রল ভেসেল এনআরপি সেতুবাল ও নিকটবর্তী চারটি বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করে। পরে তাদের পর্তুগিজ বিমানবাহিনীর এয়ারক্রাফটে করে ওর্তা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
জাহাজটিতে পোরশে, বেন্টলি, অডি, ফক্সওয়াগন, ল্যাম্বরগিনির মতো জনপ্রিয় ও বিলাসবহুল ব্র্যান্ডের হাজার চারেক গাড়ি ছিল। সব মিলিয়ে এতে প্রায় ৪০ কোটি ডলার মূল্যমানের গাড়ি ছিল বলে ফক্সওয়াগন আনুমানিক হিসাব জানিয়েছে।



