চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত রাখতে বিপজ্জনক পণ্যের নিলাম দ্রুত নিষ্পত্তির অনুরোধ নৌপ্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যেসব বিপজ্জনক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে সেগুলো দ্রুত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডেকে (এনবিআর) অনুরোধ জানান, যাতে দেশের একমাত্র লাইফ লাইন চট্টগ্রাম বন্দর ঝুঁকিমুক্ত থাকে।

সোমবার (৬ জুন) বিএম কনটেইনার ডিপোর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সন্ধ্যায় বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ অনুরোধ জানান তিনি।

এসময় বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা দেখে বিভিন্ন মহল ঈর্ষান্বিত। তারা বাংলাদেশের উন্নয়নের গতি থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রচারে লিপ্ত।

কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে তাদের কর্তব্য পালনের জন্য আহ্বান জানান। বিশেষ করে ফায়ার এবং সেফটি ইক্যুইপমেন্টের যথাযথ ব্যবহার ও নিয়মিত ফায়ার ড্রিলের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষিত হওয়ার তাগিদ দেন। যাতে যেকোনো দুর্ঘটনা তাৎক্ষণিক মোকাবিলা করা যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বন্দরের সব কর্মকর্তা কর্মচারীকে সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহবান জানান। তিনি ফায়ার বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বন্দরের সব কর্মকর্তা কর্মচারীকে বাধ্যতামূলক ফায়ার প্রশিক্ষণের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here