কিউবার মাতাঞ্জাস সুপারট্যাংকার বেজে বজ্রপাত থেকে সৃষ্ট অগ্নিকান্ডের প্রকোপ বেড়েছে। আজ সোমবার (৮ আগস্ট) তেলের ডিপোটির তৃতীয় জায়ান্ট স্টোরেজ ট্যাংকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে করে ডিপোটির আগুন নেভানোর কাজ দমকলকর্মীদের জন্য কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার রাতে কিউবার রাজধানী হাভানার পূর্বে মাতাঞ্জাসের এই তেলের ডিপোর ওপর বজ্রপাত হলে একটি ট্যাংকে আগুন লেগে যায়। শনিবার সকালে পার্শ্ববর্তী আরেকটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়লে প্রচন্ড বিস্ফোরণ হয়। প্রায় ৪০ ঘণ্টা ধরে জ্বলতে থাকার পর শনিবার রাতে দ্বিতীয় ট্যাংকটি ভেঙ্গে পড়ে। এতে সেটি থেকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ও আগুনের তেজ বেড়ে যায়।

আজ (সোমবার) সকালে ভোরে এমনই এক বিস্ফোরণ থেকে তৃতীয় ট্যাংকে আগুন লেগে যায়। শুরুতে ধোঁয়ার কুণ্ডলীতে ট্যাংকটির চারপাশ ঢেকে যায়। ফলে সে সময় নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে সেটিতে আগুন লেগেছে কিনা। পরে সরকারি কর্মকর্তারা ট্যাংকটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
এখন পর্যন্ত এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১২০ জনের বেশি, যার মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রীও রয়েছেন। এছাড়া আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রয়েছেন ১৭ জন দমকলকর্মী।



