শিগগিরই জ্বালানি তেলের দাম কমবে: পরিকল্পনামন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম শিগগির আরো কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম ৫ টাকা কমিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীতে তেলের দাম আরো কমতে পারে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা তেল ও গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছেন। তবে আমি কমার আভাস পাচ্ছি। কারণ বিশ্ববাজারে তেলের দাম-গ্যাসের দাম কমতে শুরু করেছে। বিশ্ববাজারে তেলের দাম যে হারে কমছে, দায়িত্বের সঙ্গে বলতে পারি দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই আরো কমবে। এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তার প্রমাণ দিয়েছেন। জ্বালানি তেলের দাম কিছুটা হলেও কমিয়েছেন।

তবে কোন প্রক্রিয়ায় দাম কমানো হবে তা এ মুহূর্তে বলা সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে আমরা বাড়াব, আর কমলে দেশের বাজারেও কমাব। তবে এবার যে সমস্যা হয়েছে সেটা হলো জ্বালানির দাম হঠাৎ করে একটু বেশি পরিমাণে বেড়েছে, যার কারণে সমস্যা একটু বেশি হয়েছে। এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, তারা আবারো দাম সমন্বয় করবে, আবারো দাম কমাবে। আমি বিশ্বাস করি জ্বালানির দাম সরকার আবারো কমাবে। যদি না বিশ্বে নতুন কোনো যুদ্ধ পরিস্থিতি বা ভয়ংকর দুর্ঘটনা ঘটে না যায়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাই বলতে পারি তেলের দাম কমবে।

তেলের দাম কেমন কমতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই। পূর্ব অভিজ্ঞতা যেহেতু আছে তাই বলছি যে দাম কমবে। তবে এক্ষেত্রে দাম পর্যায়ক্রমে কমানোর পক্ষে আমি। এক লাফে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, কোনোটিই ভালো নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here