জাহাজ চলাচল খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চলছে বিশ্বব্যাপী। এই উদ্যোগে নিজেদের যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। সংস্থাটি তাদের নেভিগেশন ইনোভেশন অ্যান্ড সাপোর্ট প্রোগ্রামের (এনএভিআইএসপি) মাধ্যমে এমন একটি প্রকল্পে যুক্ত হচ্ছে, যেটি জাহাজের স্বয়ংক্রিয় বার্থিংয়ে সহায়ক হবে। আর এই কাজে ব্যবহার করা হবে স্যাটেলাইট লোকেশন প্রযুক্তি।
নতুন এই প্রকল্পের নাম গ্রিমাল্ডি স্যাটেলাইট অ্যাসিস্টেড বার্থিং প্রজেক্ট। ইতালির গ্রিমাল্ডি গ্রুপের উদ্যোগে প্রকল্পটিতে সহায়তা করছে কংসবার্গ ও রেডিওল্যাবস কনসোর্টিয়াম। এতে আরও যুক্ত আছে ইতালিয়ান স্পেস এজেন্সি (এএসআই)। প্রকল্পটির লক্ষ্য হলো বার্থিং অ্যাসিস্ট্যান্স সিস্টেমের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং এর আইনগত বৈধতার ব্যবস্থা করা।
প্রকল্পটির প্রথম ফেজের মেয়াদ ধরা হয়েছে ১৮ মাস। এই ফেজে বিভিন্ন যন্ত্রপাতির নকশা করা হবে এবং ল্যাবরেটরি টেস্টিং ও ইন-সার্ভিস ভেসেলে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হবে। দ্বিতীয় ফেজের কাজ শুরু হবে ২০২৪ সালের মার্চে, যেখানে বাণিজ্যিক জাহাজে নতুন এই প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। দুটি ফেজেই প্রযুক্তিগত সহায়তা দেবে ইএসএ।



