স্মার্ট পোর্টে রূপান্তর: চট্টগ্রাম বন্দরে চালু হলো শতভাগ অনলাইন রাজস্ব আদায় ব্যবস্থা

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ ডিজিটাল ও আন্তর্জাতিক মানের করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ, দ্রুত এবং ব্যবহারবান্ধব করার লক্ষ্যে রাজস্ব আদায় (রেভিনিউ কালেকশন) কার্যক্রমে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

এখন থেকে বন্দরের বিভিন্ন ফি, চার্জ, বিল এবং অন্যান্য রাজস্ব পরিশোধের জন্য ব্যবহারকারীরা সশরীরে উপস্থিত না হয়েই ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে পারবেন। এই ব্যবস্থার আওতায় আরটিজিএস (RTGS), এনপিএসবি (NPSB), বিইএফটিএন (BEFTN), ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং বিকাশ-রকেটের মতো জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করা যাবে। বন্দরের এই পদক্ষেপের মাধ্যমে দেশের সামগ্রিক বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা করল।

এই ডিজিটাল রেভিনিউ কালেকশন ব্যবস্থা চালু হওয়ায় বন্দর ব্যবহারকারীরা চব্বিশ ঘণ্টা (২৪/৭) বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিকভাবে বিল ও রাজস্ব পরিশোধ করতে পারবেন। এর ফলে ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা এবং কাগজের ফাইল জটলা থেকে মুক্তি মিলবে। এই ব্যবস্থা কাগজবিহীন আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ত্রুটি ও দুর্নীতির সুযোগ সম্পূর্ণ বন্ধ করবে। বন্দরের হিসাব সংরক্ষণ ও রিপোর্টিং কার্যক্রম আরও নির্ভুল ও দ্রুত হবে, এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

দেশের সামগ্রিক অর্থনীতিতেও এই উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিক বিল নিষ্পত্তির মাধ্যমে আমদানিকৃত পণ্য খালাস এবং জাহাজ সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত হবে, যা বন্দরে জাহাজের অবস্থানকাল বা ‘টার্ন-অ্যারাউন্ড টাইম’ কমিয়ে আনবে। ব্যাংকে সশরীরে যাওয়ার প্রয়োজন না থাকায় আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং শিপিং এজেন্টদের সময়, শ্রম ও পরিবহন ব্যয় ব্যাপকভাবে হ্রাস পাবে, যা সরাসরি ‘সহজে ব্যবসা পরিচালনা’ (Ease of Doing Business) সূচক উন্নত করবে। ২৪/৭ নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল লেনদেন সুবিধা দেশের আমদানি-রপ্তানি ও পণ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সচল করবে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক ভাবমূর্তি উজ্জ্বল করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মনে করে, এই আধুনিক প্রযুক্তিনির্ভর অনলাইন ব্যবস্থা বন্দরের কার্যক্রমকে আরও দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। বন্দর কর্তৃপক্ষ সকল অংশীজনকে এই নতুন অনলাইন সেবা গ্রহণ করে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here