Home Blog Page 251

ইউরোপে মাদকের সবচেয়ে বড় চালান আটক

ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান আটক করেছে জার্মানি, বেলজিয়াম এবং ডাচ কর্তৃপক্ষ। ২৫ টন ওজনের এ কোকেনের চালান আটক করা হয় হামবুর্গ ও অ্যান্টুয়ার্প বন্দরে।

মাদকের চালানটি ঘিরে সন্দেহ তৈরি হয় ডাচ কর্তৃপক্ষের। এরপর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় তারা। ইউরোপীয় কাস্টম কর্তৃপক্ষ বড় পরিসরে ঝুঁকি পর্যালোচনা করে হামবুর্গ বন্দর-অভিমুখী তিনটি কনটেইনার বিষয়ে জার্মান বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে। কনটেইনারগুলো প্যারাগুয়েতে একটি অজ্ঞাত জাহাজে লোড করা হয়। হামবুর্গকে আসার আগে জাহাজটি ট্যানজিয়ের ও রটারড্যাম ঘুরে আসে।

কনটেইনারগুলো হামবুর্গে পৌঁছার পর জার্মান কাস্টম কর্মকর্তারা সেখান থেকে নির্মাণকাজে ছিদ্র্র ভরাটের কাজে ব্যবহৃত পুটির ১ হাজার ৭২৮টি ক্যান উদ্ধার করে। ক্যানগুলো খোলার পর সেখান থেকে কোকেন উদ্ধার করা হয়। একইভাবে পানামা থেকে অ্যান্টুয়ার্পে আসা ১১টি কনটেইনার থেকে বাকি কোকেনগুলো উদ্ধার করা হয়।

এলএনজি ট্রানজিটে পানামা খালের রেকর্ড

চলতি বছরের জানুয়ারিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ট্রানজিট ও টনেজের হিসাবে নতুন এক মাসিক রেকর্ড গড়েছে পানামা খাল। জ্বালানি বাজারের সাম্প্রতিক তেজিভাব এ রেকর্ড গড়তে ভূমিকা রেখেছে। এশিয়া থেকে এলএনজি শিপমেন্টের শক্তিশালী চাহিদা রেকর্ড শিপমেন্টে অবদান রেখেছে।

পানামা খাল কর্তৃপক্ষ প্রকাশিত ডেটা অনুয়ায়ী, নিওপানাম্যাক্স লকস দিয়ে সর্বমোট ৫৮টি এলএনজি ভেসেল পার হয়েছে, সামগ্রিকভাবে যা ৬৭ দশমিক ৪ লাখ পানামা ক্যানেল টন। পূর্ববর্তী মাসিক রেকর্ডটি ছিল ২০২০ সালের জানুয়ারিতে। ওই সময় ৫৪টি এলএনজি ভেসেল এ খাল পার হয়েছিল, আর টনের হিসাবে ছিল ৬২ দশমিক ৩ লাখ।

পানামা ক্যানেল অ্যাডমিনিস্ট্রেটর রিকার্তে ভাসকুয়েজ মোরালেস এ প্রসঙ্গে বলেন, এ সাফল্য আমাদের প্রতিযোগিতাসক্ষমতারই নিশ্চয়তা প্রদান করছে এবং একই সঙ্গে পরিবর্তিত বাজার পরিস্থিতির কারণে চলে আসা সুযোগগুলোর সদ্ব্যবহারে আমাদের সক্ষমতাও জানান দিচ্ছে।

ইলেকট্রনিক বিল অব ল্যাডিংয়ে স্বীকৃতি সিঙ্গাপুরের

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের জাতীয় সংসদে পাস হয়েছে ইলেকট্রনিক ট্রানজেকশন (অ্যামেন্ডমেন্ট) বিল। এ বিল পাসের মধ্য দিয়ে ইলেকট্রনিক বিল অব ল্যাডিং তৈরি ও ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা আইনতভাবে কাগুজে বিল অব ল্যাডিংয়ের সমতুল্য।

ইলেকট্রনিক বিল অব ল্যাডিং কাগুজে ল্যাডিং বিলের কিছু সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম। এগুলো হচ্ছে ডকুমেন্টের তাৎক্ষণিক স্থানান্তর এবং যাচাই ও সংশোধনের পেছনে ব্যয়িত সময় হ্রাস; ডিজিটাল অথেনটিকেশন প্রযুক্তির কারণে জালিয়াতির বিরুদ্ধে অধিক সুরক্ষা; লিগ্যাল ডকুমেন্টেশন, ট্র্রান্সপোর্টেশন ও ট্র্র্রেড ফিন্যান্সিংয়ে স্বল্প খরচ; এবং পরিবেশগত স্থায়িত্ব।            

২০২০ সালে ডিজিটাল কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশন পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, ইবিএলের তুলনায় কাগুজে বিল প্রক্রিয়াকরণের ব্যয় প্রায় তিন গুণ বেশি। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, যদি ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ ইবিএলের প্রচলন ঘটানো যায়, তাহলে প্রতি বছর সম্ভাব্য সাশ্রয় হতে পারে প্রায় ৪০০ কোটি ডলার।

প্রাণিসম্পদ ক্যারিয়ারগুলো পরিদর্শন শুরু করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া থেকে প্রাণিসম্পদ রপ্তানিতে ব্যবহৃত জাহাজগুলোর নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শনের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। পশুসম্পদ পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোয় সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এএমএসএ জানিয়েছে, আগামী ছয় মাস ধরে ভেসেলগুলো কঠোর কমপ্লায়েন্স নজরদারির মধ্যে থাকবে।

বিশে^র মধ্যে সবচেয়ে কঠোর নিরাপত্তা মানদ- অনুসরণের সুনাম রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিউজিল্যান্ড থেকে যাত্রা করা গাল্ফ লাইভস্টক ওয়ান ২০২০ সালের সেপ্টেম্বরে দুর্ঘটনায় পড়লে এর ৪৩ জন নাবিকের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এর ঠিক তিন মাস পর আরেকটি প্রাণিসম্পদ ক্যারিয়ার অস্ট্রেলিয়ার জলসীমায় দুর্ঘটনায় পড়ে। এর ফলে এএমএসএ আরও কঠোর নিরাপত্তা মানদ- অনুসরণের দিকে নজর দিয়েছে, যেন আন্তর্জাতিক কনভেনশন ও অস্ট্রেলীয় আইনের বাধ্যবাধকতাগুলো ঠিকমতো পরিপালিত হয়।

এশিয়া-প্যাসিফিক মুক্তবাণিজ্য ব্লকে যোগ দিচ্ছে ব্রিটেন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মুক্তবাণিজ্য জোটে যোগ দিতে আবেদন করতে যাচ্ছে ব্রিটেন। ইউরোপীয় একক বাজার থেকে দেশটি নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে।

কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি) নামের এ জোটভুক্ত দেশগুলোর অধিবাসীর সংখ্যা প্রায় ৫০ কোটি। বৈশ্বিক অর্থনীতিতে এদের অবদান সাড়ে ১৩ শতাংশ।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন এ জোটে যোগদান প্রসঙ্গে বলেন, ‘সম্ভাব্য এ নতুন অংশীদারিত্ব ব্রিটিশ জনগোষ্ঠীর জন্য অসামান্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে। সিপিটিপিপি জোটে প্রথম নতুন দেশ হিসেবে যোগদানের আবেদন বিশ^ব্যাপী আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে সুষম শর্তে ব্যবসা করার আকাক্সক্ষাকে প্রতিফলিত করছে। পাশাপাশি বৈশ্বিক মুক্ত বাণিজ্যে অগ্রগণ্য দেশ হিসেবে আমাদের উপস্থাপিত করছে।

তুরস্কের রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনা তদন্তে ইইউর প্রতি আহ্বান

শিপব্রেকিং প্ল্যাটফর্ম নামের একটি এনজিও তুরস্কের শিপ রিসাইক্লিং ইয়ার্ডে সংঘটিত দুর্ঘটনা তদন্তে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে। ওই দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। তুরস্কের ওই রিসাইক্লিং ইয়ার্ডটি ইইউ অনুমোদিত রিসাইক্লিং ফ্যাসিলিটির তালিকাভুক্ত।

এনজিওর তথ্য অনুযায়ী, তুরস্কের আইসিকসেন ইয়ার্ডে গত বছরের ৩ অক্টোবর দুটি ট্রান্সওশান অফশোর রিগ ভাঙার সময় এক শ্রমিকের মৃত্যু হয়। আর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সিমসেকলার ইয়ার্ডে কার্নিভাল করপোরেশনের একটি ক্রুজ জাহাজ ভাঙার সময় আরেকজন শ্রমিক মারা যায়।

শিপব্রেকিং প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঙ্গভিল্ড জ্যানসেন এ দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ইইউর তালিকাভুক্ত সবগুলো ইয়ার্ড ইইউ শিপ রিসাইক্লিং রেগুলেশনের বাধ্যবাধকতা অনুয়ায়ী যেন পরিচালিত হয় তা ইউরোপীয় কমিশনকে অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। ইইউ অনুমোদিত দুটি আলাদা ইয়ার্ডে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনুরোধ কমিশন যেন খতিয়ে দেখে আদতেই ইয়ার্ড দুটি ইইউর নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা।

এশিয়া-ইউরোপে যাত্রা বাতিল টুএমের

এশিয়া থেকে ইউরোপে আবারও ব্ল্যাংক সেইলিংয়ের ঘোষণা দিয়েছে টুএম অ্যালায়েন্স। এমএসসি এরিকা নামের ভেসেলটির সাংহাই থেকে উত্তর ইউরোপে যাওয়ার সিদ্ধান্তটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। নির্দিষ্ট গন্তব্য বাদ দিয়ে অন্য সেবায় ভেসেলটি ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মায়েরস্ক ও এমএসসির জোট হচ্ছে টুএম নেটওয়ার্ক। এর আগে মায়েরস্কও তাদের এই৫৫ ভেসেলের যাত্রা বাতিল করে। দূর প্রাচ্য থেকে উত্তর ইউরোপ গন্তব্যে তাদের শিডিউল বা সময়তালিকা আরও নির্ভরযোগ্য করে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

যাত্রা বাতিল করলেও উভয় ক্যারিয়ারই শিপারদের এমএসসি এরিকায় বুকিংয়ের ক্ষেত্রে বিকল্প কভারেজের ব্যবস্থা করেছে। জাহাজটির রটারডাম, অ্যান্টুয়ার্প ও ফেলিক্সটোতে যাওয়ার কথা ছিল।

এর আগে গত জানুয়ারিতেও টুএম নেটওয়ার্ক চীনা নববর্ষের কারণে উত্তর ইউরোপে তিনটি যাত্রা বাতিল করেছিল।

হাম্বানটোটা বন্দরের ইজারা ১৯৮ বছর পর্যন্ত বাড়াতে পারে চীন

চীনের কাছে ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া শ্রীলংকার হাম্বানটোটা বন্দরের ইজারা ১৯৮ বছর পর্যন্ত বাড়তে পারে। কলম্বো ইজারা চুক্তি পুনর্বিবেচনা করছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুলের কারণে ইজারার প্রথম মেয়াদ ৯৯ বছর শেষে চীন আরও ৯৯ বছরের জন্য এ বন্দরের চুক্তির মেয়াদ সম্প্রসারণ করতে পারে।

চীনের ঋণ পরিশোধে শ্রীলংকার পূর্বেকার সরকার ২০১৭ সালে ইজারা চুক্তিটি সই করে। তবে এ চুক্তি নিয়ে দেশে-বিদেশে বেশ সমালোচনাও হয়। অভিযোগ ওঠে, চীন তার ভূরাজনৈতিক প্রভাব বিস্তারে ‘ঋণ ফাঁদের কূটনীতি’ পরিচালনা করছে। বন্দরটির অবস্থান কৌশলগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। দেশটির একেবারে দক্ষিণে অবস্থিত হাম্বানটোটা বন্দর ভারত মহাসাগরে একটি প্রধান মেরিটাইম হাব। 

২০২২ পর্যন্ত ক্রুজ নিষিদ্ধ করেছে কানাডা

আগামী এক বছরের জন্য ক্রুজ জাহাজ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। পাশাপাশি কানাডীয় নাগরিক ও দেশটিতে বসবাসরতদের ক্রুজ জাহাজে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কানাডীয় জলসীমায় অবস্থানরত ক্রুজ ভেসেলগুলো যে ঝুঁকির সৃষ্টি করছে তা মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

কানাডার পরিবহনমন্ত্রী এক টুইটে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে কানাডীয়রা যেমন তাদের পক্ষ থেকে সর্বোচ্চ অবদান রাখছে, তেমনি আমাদের সরকার কানাডার যোগাযোগ ব্যবস্থা নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করছে। ক্রুজ ভেসেল ও বিনোদন জাহাজে ভ্রমণে সাময়িক এ নিষেধাজ্ঞা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই এ মুহূর্তে সবচেয়ে সঠিক ও দায়িত্বশীল কাজ।’

আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কানাডীয় জলসীমা এবং কানাডীয় আর্কটিক জলসীমায় ক্রুজ জাহাজ, বিনোদনমূলক ছোট জাহাজ ও প্যাসেঞ্জার জাহাজ চলাচল বন্ধ থাকবে।

ডিকার্বোনাইজেশনে ইইউর কাছে প্রণোদনার আহ্বান

কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনে সহায়তার জন্য মেরিন ফুয়েল সরবরাহকারীদের জন্য প্রণোদনা ব্যবস্থা প্রচলনে ইউরোপিয়ান কমিউনিটি শিপওনার্স অ্যাসোসিয়েশন (ইসিএসএ) ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

কমিশনের কাছে প্রেরিত প্রস্তাবনায় ইসিএসএ বলেছে, ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার ভিত্তি হওয়া উচিত একটি বৈশ্বিক ব্যবস্থা বা অ্যাপ্রোচ। কোনো ধরনের আঞ্চলিক উদ্যোগ আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নেতৃত্বে যে সমঝোতা চলছে, তাকে কেবল বাধাগ্রস্তই করবে। সংগঠনটি আরও জানিয়েছে, ডিকার্বোনাইজেশনে শিপিং শিল্প প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর সফলতা প্রাথমিকভাবে নির্ভর করছে শূন্য বা স্বল্প নির্গমনসমৃদ্ধ, নিরাপদ ও ব্যাপকভাবে সহজলভ্য বিকল্প জ্বালানির ওপর, যেগুলো এখন পর্যন্ত অস্তিত্বশীল নয়। এ অবস্থায় জ্বালানি সরবরাহকারীদের জন্য প্রয়োজন যথাযথ প্রণোদনা ও নির্দিষ্ট বাধ্যবাধকতা, যেন শূন্য বা স্বল্প নির্গমনসমৃদ্ধ জ্বালানি শিপিং শিল্পের জন্য সহজলভ্য হয়।