Home Blog Page 258

আর ১৯ মাস পরেই গাড়ি চলবে পদ্মা সেতুতে

২০২২ সালের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০ ডিসেম্বর অর্থ বিভাগ আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান।

কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের শেষ সভা ছিল এটি। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অর্থসচিব আবদুর রউফ তালুকদার। অর্থসচিব দেশের অর্থনীতির ইতিবাচক দিকগুলো শুধু তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকারের অর্থায়নে পোশাক, চামড়া ও পাদুকা শিল্পের শ্রমিকদের জন্য চলমান একটি কর্মসূচি বাস্তবায়নের চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই চুক্তি সই হয় ২ ডিসেম্বর।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘পদ্মা সেতুর মূল কাঠামো তৈরির কাজ শেষ। আশা করছি, ২০২২ সালের জুনের মধ্যে এই সেতু সবার জন্য খুলে দেওয়া হবে।’’ পদ্মা সেতু ৩০ হাজার ১৯৩ কোটি টাকার প্রকল্প। এটি বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। তাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকার আশা করছে।

একই ছাদের নিচে বিডার আরো ছয় সেবা

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একই ছাদের নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে নতুন আরো ছয়টি সেবা অনলাইনে চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ৩০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বিডার সদর দপ্তরে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নতুন ছয়টি সেবা যুক্ত করা হলো। এত দিন অনলাইনে বিনিয়োগকারীদের ৩৫টি সেবা দেওয়া হতো। সেটি বেড়ে এখন ৪১ এ উন্নীত হয়েছে। বিডা বলছে, নতুন বছরের প্রথম মাসে এটি বেড়ে ৫০ এ উন্নীত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সালমান এফ রহমান বলেন, ‘‘বিনিয়োগকারী যাতে সব সেবা একই ছাদের নিচে পান, সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। তারই ধারাবাহিকতায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) দেওয়া শুরু করেছে বিডা। ভবিষ্যতে আমরা ওএসএসের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী সংস্থার মোট ১৫০টি সেবা দিতে পারব।’’

অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড রেগুলেটরি রিফর্মের পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় জানান, চালু হওয়া নতুন ছয়টি সেবার মধ্যে তিনটি পরিবেশ অধিদপ্তরের। সেগুলো হলো পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) প্রতিবেদন অনুমোদন, টিওআর অনুমোদন এবং জিরো ডিসচার্জ অনুমোদন। তিনি বলেন, ‘‘আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের শিল্প আইআরসির সনদ এখন থেকে দেওয়া হবে অনলাইনে। উদ্যোক্তারা এখন থেকে বিদ্যুতের সংযোগ পাবে অনলাইনে। এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুৎ সংযোগও মিলবে অনলাইনে।

চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ চালু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ১৭ ডিসেম্বর ভার্চুয়াল শীর্ষ বৈঠকের মাধ্যমে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু হয়। বৈঠকে দুই নেতার ভাষণের পরপরই দুপুর ১২টার দিকে ৫৫ বছর পর এই রেল সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

১৯৬৫ সালের আগে চিলাহাটি-হলদিবাড়ি পথে রেল যোগাযোগ ছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর সীমান্ত এলাকার প্রায় নয় কিলোমিটার পথে রেললাইন তুলে নেওয়া হয়। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের বন্ধ রেল সংযোগগুলো চালুর সিদ্ধান্ত হয়। এর মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি পথও ছিল। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে ২০১৮ সালে বাংলাদেশ অংশের নয় কিলোমিটারে ব্রডগেজ রেললাইন ও অবকাঠামো নির্মাণে ৮০ কোটি টাকার প্রকল্প নেয়। অন্যদিকে ভারত অংশে সাড়ে তিন কিলোমিটার রেললাইন নির্মাণে প্রকল্প নেয় ভারতের সরকার।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দেয় ভারত।’’

নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত বাংলাদেশের ৬ দশমিক ৭২ কিলোমিটার অংশে রেললাইন বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ৮০ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ের ওই প্রকল্পে রেললাইন স্থাপন ছাড়াও বসানো হয়েছে ৪ কিলোমিটার লুপ লাইন, ৮টি লেভেল ক্রসিং, ৯টি ব্রিজসহ অন্যান্য অবকাঠামো।

ভারতও হলদিবাড়ি থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত ৩ কিলোমিটার রেললাইন স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ শেষ করে তাদের অংশে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে।

ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করছে মোংলা বন্দর

মোংলা বন্দর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে মোংলা বন্দর ব্যবহারকারী ও বন্দরে আসা জাহাজের লোকজনের পানযোগ্য পানির চাহিদা মেটাতে এ প্লান্ট নির্মাণে ব্যয় হবে ২৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। নির্মাণাধীন এ প্লান্ট সম্পন্ন হলে প্রতিদিন ৫০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করা যাবে বন্দর এলাকায়। মোংলা বন্দর ভবন থেকে পাঁচ কিলোমিটার দূরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ মোড়ে ৩৩ শতাংশ জমির ওপর নির্মাণ হচ্ছে আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটির পানির রিজার্ভের পাইলিংয়ের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। বাউন্ডারি ওয়ালের কাজও প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের মাঝামাঝি এ প্লান্ট নির্মাণ সম্পন্ন হবে। এ প্লান্টের কাজ শেষ হলে সমুদ্রগামী জাহাজ, বন্দর অফিস, আবাসিক এলাকা, বন্দরসংলগ্ন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সুপেয় পানির বাড়তি চাহিদা পূরণ হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, ‘‘বন্দরে এখন আগের চেয়ে বেশি জাহাজ ভেড়ে। বন্দরের অনেক উন্নয়নও হয়েছে। কিন্তু ভৌগোলিক কারণে বন্দরে সুপেয় পানির সংকট রয়েছে। আমরা এ সংকটের সমাধান ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে একটি আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করছি।’’

এলপিজি টার্মিনাল নির্মাণে ৩ জাপানি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ডেডিকেটেড এলপিজি টার্মিনাল নির্মাণে তিনটি জাপানি কোম্পানি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো মূল্যায়নে নির্ধারিত কোনো মাপকাঠি না থাকায় এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিপিসি কিংবা জ্বালানি বিভাগ। বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলো হলো মিৎসুই অ্যান্ড কোং লিমিটেডের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, মারুবেনি কর্পোরেশন এবং সুমিতোমো কর্পোরেশন।

জ্বালানি বিভাগের তথ্যমতে, ইতিমধ্যে তিনটি প্রস্তাবই গৃহীত হয়েছে। মতামত বা সুপারিশ না করে সিদ্ধান্তের জন্য প্রস্তাবগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় ফাইল ফেরত পাঠিয়ে তুলনামূলক বিচার-বিশ্লেষণ করে সুস্পষ্ট রিপোর্ট প্রদান করতে বলেছে।

দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ীর বহুমুখী ব্যবহারের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে গড়ে তোলা হবে তিনটি পৃথক টার্মিনাল। এগুলো হলো কয়লা আমদানির জন্য কয়লা টার্মিনাল, এলএনজি আমদানির জন্য এলএনজি টার্মিনাল এবং এলপিজি আমদানির জন্য এলপিজি টার্মিনাল।

জাপানি উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং এর টার্মিনালগুলো নির্মিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জাপান গেলে দেশটির সরকার এসব প্রকল্পে অতিরিক্ত ৩ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করে যে, প্রকল্পগুলো জাপানি কোম্পানির বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয় জ্বালানি বিভাগের অধীন রাষ্ট্রীয় তেল আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। এরই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন আগে জাপানি কোম্পানি মিৎসুইয়ের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম বাংলাদেশ সরকারের কাছে একটি বিনিয়োগ প্রস্তাব দেয়।

মিৎসুই অ্যান্ড কোং লিমিটেডের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম বিল্ড ওউন অপারেট (বিওইউ) ভিত্তিতে এলপিজি টার্মিনাল গড়ে তুলবে বলে প্রস্তাবে উল্লেখ করে। এই কনসোর্টিয়ামে যুক্ত করা হয় এসকে গ্যাস নামে একটি কোরিয়ান কোম্পানিকে। সেই সাথে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত করা হয় ইস্ট কোস্ট গ্রুপকে। এছাড়াও সম্প্রতি জাপানের আরেকটি সংস্থা মারুবেনি কর্পোরেশন যুক্ত হয় এই প্রকল্পে। তারা ভিটল নামে নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানিকে সাথে নিয়ে বিনিয়োগ প্রস্তাব পেশ করে। আরেক জাপানি কোম্পানি সুমিতোমো কর্পোরেশনও এ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব জমা দেয়।

চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম সমুদ্রবন্দর সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো অ্যান ওয়াগনার ১৩ ও ১৪ ডিসেম্বর চট্টগ্রাম সফর করেন। এ সফরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা জানান।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জোরালো অর্থনৈতিক সহযোগিতার প্রতি সমর্থন জানাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চট্টগ্রাম সফর করেন। ওয়াগনার চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ পরিকল্পনা এবং এতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগ ও লিঙ্গবৈষম্য নিরসন বিষয়ে সফল ব্যবসা পরিচালনাকারী নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াগনার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদকে বলেন, ‘‘বাংলাদেশের রপ্তানি অর্থনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকা থাকার কারণে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বন্দরের উন্নয়ন পরিকল্পনায় আগ্রহী।’’

তিনি বলেন, ‘‘সম্ভাব্যতা যাচাই জরিপ, কারিগরি সহায়তা ও পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মতো উচ্চ প্রবৃদ্ধিশালী বিকাশমান বাজারে অবকাঠামো প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি।’’

ভাইরাসের কারণে পিছিয়েছে বাংলাদেশের জাহাজ ভাঙা ইয়ার্ড সংস্কার উদ্যোগ

বাংলাদেশে পুরনো জাহাজ ভাঙার ইয়ার্ডগুলো শ্রমিকদের জন্য আরো নিরাপদ করে তোলার উদ্যোগ করোনাভাইরাস মহামারির কারণে আরো পিছিয়ে গেছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ ইয়ার্ডগুলো বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে ২০২৩ সালের মধ্যে এগুলো সংস্কারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তা পূরণ না-ও হতে পারে।

বিশে^র পুরনো অধিকাংশ জাহাজের শেষ ঠিকানা বাংলাদেশের জাহাজ ভাঙা ইয়ার্ড। শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সক্রিয় ৭০টি ইয়ার্ডের সবগুলোই ‘শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যানস’ মন্ত্রণালয়ে জমা দিয়েছে। জাহাজ ভাঙা ইয়ার্ডগুলো কীভাবে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে পরিচালিত হবে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য এ পরিকল্পনায় উল্লেখ রয়েছে। সংস্কার উদ্যোগের অন্যতম লক্ষ্য-এ শিল্পকে নিরাপদ করতে বৈশ্বিক সন্ধিতে যুক্ত হতে বাংলাদেশ যে প্রস্তুত তা তুলে ধরা।

তবে পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ হচ্ছে একমাত্র ইয়ার্ড, যারা এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘সংস্কার পরিচালনা বাস্তবায়নে যে নিরাপত্তা মানদ- অনুসরণ করতে হয় তা যথেষ্ট ব্যয়বহুল। আমরা অবকাঠামো ও প্রশিক্ষণে এরই মধ্যে ৭০ লাখ ডলার বিনিয়োগ করেছি। সংস্কার পদক্ষেপের কারণে আমাদের ইয়ার্ডে ঝুঁকি এখন শূন্যে নেমে এসেছে।’

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস ধরে ইয়ার্ডগুলো বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখোমুখি হয়েছে তারা। পরিকল্পনা বাস্তবায়নে ইয়ার্ডগুলোয় যতটা অগ্রগতি হয়েছিল, ভাইরাসের কারণে পুনরায় পিছিয়ে যাওয়ায় তা প্রত্যাশা মেটাতে পারেনি। উল্লেখ্য, ২০১৯ সালে বিশ্বব্যাপী যে ৬৭০টি জাহাজ ভাঙা হয়েছিল, তার এক-তৃতীয়াংশ ভাঙা হয় বাংলাদেশে।

ভুটানের সঙ্গে পিটিএ সই

স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর এই বিশেষ দিনটিতেই ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করল বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রেও প্রথম দেশ হলো আমাদের ঐতিহাসিক মিত্র এই দেশটি। সংগত কারণেই পিটিএ চুক্তি স্বাক্ষর এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর উদ্যাপন অনুষ্ঠানটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোতে শেরিং অনুষ্ঠানে যোগ দেন। এই বাণিজ্য চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এমন আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী ৫০ বছর আমাদের অঞ্চলের বাসিন্দাদের টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধির সাক্ষী হবে।’’ তিনি এ সময় ঘোষণা দেন, বাংলাদেশের তিনটি বন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রা ভুটানের জন্য উন্মুক্ত এবং তারা এগুলো ব্যবহার করতে পারবে। তিনি বলেন, ‘‘এটি (পিটিএ) বাস্তবায়নের জন্য দুই দেশের মধ্যে ট্রানজিট চুক্তির কথা চলছে। আশা করা হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে ট্রানজিট চুক্তি সম্পাদিত হবে।’’

পিটিএ স্বাক্ষরের চারদিন পর ১০ ডিসেম্বর ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম বলেন, ‘‘ট্রানজিট চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং এখন এটি বাস্তবায়নের জন্য প্রটোকল নিয়ে আলোচনা চলছে।’’

এই চুক্তির অধীনে বাংলাদেশের স্থলবন্দর যেমন বুড়িমারি থেকে ভুটানের ফুলসিলিং পর্যন্ত, বা অন্য যেকোনো বন্দর থেকে বাংলাদেশ, ভুটান ও ভারতের ট্রাকে পণ্য পরিবহন হবে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘‘বাংলাদেশের ট্রাক ভুটান সীমান্ত পর্যন্ত যেতে পারবে এবং ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত পর্যন্ত আসতে পারবে। সীমান্তে পৌঁছানোর পর ট্রান্সশিপমেন্ট হবে।’’ তিনি বলেন, ‘‘বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে বিআইএন মোটরভহিকল চুক্তি আছে। এই চুক্তির অধীনে বাংলাদেশের ট্রাক ভারতে চলাচল করতে পারবে। আবার ভুটান ও ভারতের মধ্যে মোটরযান চলাচল চুক্তি রয়েছে, যার অধীনে ভুটানের ট্রাক ভারতে চলাচল করতে পারবে।’’

আরো ২৬টি জাহাজ কিনবে বিএসসি

কয়লা, তেল, গ্যাস ও কনটেইনার পরিবহনের জন্য নতুন ২৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এসব জাহাজ ক্রয়ে ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা (এমডি) পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।

সুমন মাহমুদ সাব্বির জানিয়েছেন, বর্তমানে বিএসসির বহরের আটটি জাহাজ রয়েছে। আমরা আরো ২৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। জাহাজ ক্রয়ের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় কয়লা পরিবহনের জন্য দুটি মাদার বাল্ক, ১০টি বাল্ক ক্যারিয়ার, ক্রুড অয়েল পরিবহনের জন্য দুটি মাদার ট্যাংকার, ডিজেল ও জেট ফুয়েল পরিবহনের জন্য দুটি মাদার প্রডাক্ট অয়েল ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ছয়টি জাহাজ, কনটেইনার পরিবহনের জন্য চারটি জাহাজ ক্রয় করা হবে।

১৫ ডিসেম্বর দুপুরে বিএসসি ভবনে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব তথ্য জানান। সভায় তিনি আরো জানান, বিএসসি গত অর্থবছরে ৪১ কোটি ৪৭ লাখ টাকা নিট লাভ করেছে। ২০১৯-২০ অর্থবছরে বিএসসির পরিচালন আয় ছিল ২৭৯ কোটি ৯০ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ৪২ কোটি ৯৪ লাখ টাকা। সর্বমোট ব্যয় হয়েছে ২৪৫ কোটি ৩৬ লাখ টাকা।

সভায় রেকর্ড ডেট ও নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদান প্রভৃতি বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়া শেয়ারহোল্ডারদের ২০১৯-২০ অর্থবছরে জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয়।

সভায় বিএসসির পরিচালক (অর্থ) শফিউল আলম, পরিচালক (বাণিজ্য) পীযুষ দত্ত, পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সচিব খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হবে চট্টগ্রাম

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘‘বাংলাদেশ বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে উদিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসহ আঞ্চলিক প্রবেশদ্বার।’’ ২১ শে ডিসেম্বর নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের পরিচালকম-লী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘‘চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসহ এমনকি ভুটান, নেপালও উপকৃত হতে পারে। লজিস্টিকস, বন্দর, অবকাঠামো, যোগাযোগ ও ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। ব্যবসায়ী ও নির্বাহীদের প্রশিক্ষণ প্রদান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি খাতে মূল্য সংযোজনের সম্ভাবনা রয়েছে। এছাড়া কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট, ফার্মাসিউটিক্যালস ও এপিআই পার্ক স্থাপনের ক্ষেত্রে দ্বিপক্ষীয় উদ্যোগ কার্যকর হবে। চট্টগ্রামে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা, বে-টার্মিনালে অর্থায়নসহ অবকাঠামো উন্নয়নে ভারতের আগ্রহ রয়েছে।’’

এ সময় তিনি সীমান্তে আইসিডি, ওয়্যারহাউস নির্মাণ, রেললাইন উন্নয়ন ও স্থলবন্দরের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ-ভারত সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উভয় দেশের সম্ভাবনা কাজে লাগাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হাইকমিশনার ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।

একই দিন তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ২ ও ৩ নম্বর জেটি পরিদর্শন করেন।